রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তিনটি পূজামণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছে বাঘাইহাট জোন। এ সময় পূজা আয়োজনের জন্য মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দেওয়া হয়।
বাঘাইহাট জোনের উদ্যোগে বাঘাইহাট শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, মাসালং যিশু খ্রিষ্টান মন্দির এবং করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করা হয়।
এ সময় বাঘাইহাট জোনের টু-আইসি মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি, মেজর নাহিদ বিন হাফিজ এবং ক্যাপ্টেন কে এম সালাউদ্দিন মূসা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর নিরাপত্তা তদারকিতে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠানে সেনাসদস্যদের আমন্ত্রণ জানান তাঁরা।
এর পরিপ্রেক্ষিতে বাঘাইহাট জোনের পক্ষ থেকে তিনটি পূজামণ্ডপে পূজা আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সব সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে বাঘাইহাট জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএ
