ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফুট খালের বর্জ্য দূর করায় খালে পানিপ্রবাহ ফিরে এসেছে। এর মাধ্যমে খালে ফিরেছে প্রাণ। দীর্ঘদিনের বর্জ্য ও দূষণে বিপর্যস্ত ৪০ ফুট খাল পুনরুদ্ধারে শনিবার পাঁচ দিনের অভিযান শুরু হয়। এরই মধ্যে খালের একাংশ বর্জ্যমুক্ত হয়ে পানি প্রবাহ বেড়েছে।
প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, বর্জ্য অপসারণ ও পরিবেশের উন্নয়নে ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হবে। এতে চার শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেওয়ার কথা রয়েছে। খালটির সংস্কার শেষে এক বছর দেখভালের দায়িত্ব পালন করবে আয়োজক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বর্জ্য জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় খালটি তার স্বাভাবিক কার্যকারিতা হারিয়েছে। একই সঙ্গে মশার প্রজননক্ষেত্রে পরিণত হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খালটি পুনরুদ্ধার হলে পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার পরিবেশও ফিরবে—এমন প্রত্যাশা তাদের।
একসময় বসিলার এ খালে নৌকা চলাচল করত। বৃষ্টির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খালটির। কিন্তু দ্রুত নগরায়ণ, বর্জ্য ফেলা, পলি জমা ও দখলের চাপে ক্রমেই সংকুচিত হয়েছে জলপথটি। এতে ব্যাহত হয়েছে স্বাভাবিক পানিপ্রবাহ, বেড়েছে দূষণ ও পরিবেশগত ঝুঁকি।
স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন বলেন, এক সময় এ খালে নৌকা চলাচল করত; কিন্তু দীর্ঘদিন ধরে খালটি হারিয়ে যেতে বসেছিল। এখন পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত। খালটি আবারও পুরনো রূপ ফিরে পাবে বলে আশা করছেন তারা।
আরেক বাসিন্দা মোহাম্মদ হাফিজ বলেন, খালের পরিবেশ পরিচ্ছন্ন থাকলে স্থানীয় বাসিন্দারাই উপকৃত হবেন। বর্তমানে এটি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। খালটি পুনরুদ্ধার করা গেলে মশার উপদ্রব ও জনদুর্ভোগ কমবে বলে আশা তার।
ফুটস্টেপস বাংলাদেশের লোকাল ইমপ্যাক্ট অ্যান্ড আউটরিচ লিড সৈয়দ রিদওয়ান মুহাম্মদ ঋত্বিক বলেন, খালে জমে থাকা বর্জ্য অপসারণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং আশপাশের পরিবেশের উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে চার শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, খালের পাড়ঘেঁষে হাঁটার পথ বা ওয়াকওয়ে তৈরি করা হবে। সংস্কার কাজ শেষে এক বছর খালটির দেখভাল করবে ফুটস্টেপস বাংলাদেশ। এ ছাড়া সংগৃহীত বর্জ্য অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি, যাতে ময়লা-আবর্জনা আবার খালের পাড়ে জমতে না পারে।
মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি শাহজাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল ও নদী উদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এর অংশ হিসেবে বসিলার এ খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ; কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও দখলের কারণে ঢাকার অনেক জলপথের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হচ্ছে। বসিলার ৪০ ফুট খাল পুনরুদ্ধারের এ উদ্যোগ তাই শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, নগরীর জলপথ রক্ষা ও পরিবেশ উন্নয়নেরও একটি প্রচেষ্টা।
তবে এ উদ্যোগের স্থায়ী সুফল পেতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং দখল ও দূষণ প্রতিরোধ জরুরি। শুধু পাঁচ দিনের অভিযানে বর্জ্য অপসারণ নয়, পরবর্তী সময়ে খালটির পানিপ্রবাহ সচল ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা গেলেই এ উদ্যোগের সাফল্য নিশ্চিত হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
