নিজস্ব প্রতিবেদক · ১২ অক্টোবর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের সব পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীদের স্বাবলম্বী করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বিষয়। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রত্যেক পরিবারের নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে।
তিনি বলেন, নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
সিসিক প্রশাসক বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহের জন্য তাঁদের প্রত্যেককে ট্যাব দেওয়া হয়েছে, যাতে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা যায়।
নগরবাসীর প্রতি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ভুল তথ্যের ওপরই ফ্যামিলি কার্ড কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে। এ কর্মসূচি সফল করতে সমাজসেবা বিভাগের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জোনাল কর্মকর্তারাও কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন।
মতবিনিময় সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনূর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
