জয়,রাজশাহী ব্যুরো:
রাজশাহী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, নগরীর সৌন্দর্যবর্ধন ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা আয়োজিত রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল মান্নান।
ভূমিমন্ত্রী বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের উদ্যোগ বাস্তবায়নে দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহীর কৃতি সচিবদের এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়।
তিনি পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং রাজশাহী অঞ্চলের উন্নয়নে বিশেষ অবদান রাখার পরামর্শ দেন।
মিজানুর রহমান মিনু বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলস কাজ করছে। ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত ও জনভোগান্তি কমাতে প্রশাসনের প্রতিটি স্তরে সৎ ও কর্মঠ কর্মকর্তা প্রয়োজন।"
তিনি আরও বলেন, বৃহত্তর রাজশাহী মেধা ও মননের উর্বর ভূমি। শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনসহ সব ক্ষেত্রে এ অঞ্চল দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
অনুষ্ঠানে সংবর্ধিতরা হলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, দুদকের সচিব মো. সাইদুর রহমান খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ.কে.এম. বেনজামিন রিয়াজী।
অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত সচিবদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..
