প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে বন্ধুদের সাথে মাদকের আড্ডায় গিয়ে নির্মমভাবে খুন হয় আরিফ মিয়া ওরফে সালমান নামে এক কিশোর।
নিখোঁজের প্রায় ৫ মাস পর শুক্রবার বিকেলে নরসুন্দা নদী থেকে তার হাড় ও কঙ্কাল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সালমান হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে।
মাদক সেবনের সময় বিরোধের জের ধরে তাকে হত্যার পর নদীতে লাশ গুম করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিব, মাফি, রফিক ও রমজান আলী নামে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা পুলিশ অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, গত ১৮ মে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয় আরিফ মিয়া ওরফে সালমান (১৯)। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছিলোনা। পরদিন হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মো. ফজলুর রহমান।
পুলিশ সুপার জানান, তাদের কাছে খবর ছিলো, মাদকের আড্ডায় বিরোধের জেরে তাকে হত্যার পর লাশ গুম করা হয়। নিহতের বন্ধুদের গতিবিধি, মোবাইল ফোনের কথোপকথন ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। গ্রেফতার করা হয় ৪ জনকে। তাদের স্বীকারোক্তি মতে শুক্রবার দুপুরে হোসেনপুর উপজেলার বালুরচর এলাকায় নরসুন্দা নদী থেকে নিহত সালমানের মরদেহের হাড়সহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গতকাল হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
