নিজস্ব প্রতিবেদক
হেরোইনের মামলায় যশোরের শার্শার আলোচিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে মহি পাগলা ওরফে মহি আলমগীর বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কুদ্দুস সর্দারের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৪ এপ্রিল সকালে শার্শা থানা পুলিশের তৎকালীন এএসআই ইমামুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের কাজীরবেড় মোড়ের যাত্রী ছাউনির সামনে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন এবং কোমরে গোঁজা এক রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে এসআই সুজাত আলী আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
