ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় হিটলার বিশ্বাস (৩৫) নামে পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাবলাতলা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই বাসের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। সে ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তার কর্মস্থল থেকে পূজার ছুটি নিয়ে নিজ মোটরসাইকেলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত বাসের ধাক্কায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা পুলিশ সদস্য হিটলারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ জানান, পুলিশ সদস্য হিটলার বিশ্বাস (বিপি নম্বর-৯১১১১৪১৬০৪) অজ্ঞাতবাসের চাপায় নিহত হয়েছেন। তার মরদেহের সুরতহাল চলছে। পাশাপাশি ঘাতক গাড়ির শনাক্তের চেষ্টা চলছে।
