গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধর করা শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পুলিশ। পুলিশ প্রথমে রুমিকে গ্রেপ্তারে অভিযানের কথা জানালেও এখন বলা হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শনিবার (২৪ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেপ্তারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি। কতিপয় মিডিয়ায় শাহজালাল রুমির গ্রেপ্তারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।’
তবে এর আগে কালবেলাসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ওই খবরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনের বক্তব্য উদ্ধৃত করা হয়। তখন তিনি গণমাধ্যমকে বলেন, ‘হেনস্তাকারী শিক্ষককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন দ্য আদার হ্যান্ড শিশুটির বাবা মাদ্রাসায় অনুপ্রবেশ করে যেভাবে মারধর এবং ভাঙচুর করেছেন, সেটাও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বাদী হয়ে মামলা করেছেন। আমরা শাহজালাল রুমিসহ অজ্ঞাতনামা ১৫ জনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।’
