চট্টগ্রামের আনোয়ারা থানার ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পুকুর পরিষ্কার করা হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে। শনিবারের এ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। সদর সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আনোয়ারা থানায় গিয়ে শেষ হয়। পরে থানার ভেতরের পুকুর পরিষ্কারের পাশাপাশি বিভিন্ন সড়কে ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগান এবং দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। প্রতিরোধমূলক ব্যবস্থাও নিতে হবে। বাড়িঘর, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ময়লা-আবর্জনাও নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
ডেঙ্গুতে প্রাণহানি ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাঁরা ডেঙ্গুতে মারা গেছেন, তারা আমাদেরই ভাই কিংবা নিকটাত্মীয়। তিনি চান না, এভাবে আর কারও প্রাণহানি ঘটুক।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, বাড়ির আঙিনা থেকে নালা-নর্দমা পর্যন্ত সব জায়গা পরিষ্কার রাখতে হবে, যাতে ডেঙ্গুবাহী মশার বিস্তার না ঘটে। থানার পুকুর পরিষ্কারের পাশাপাশি আশপাশের জঙ্গলও পরিষ্কার করা হবে বলে জানান তিনি। নিজেদের আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান পুলিশ সুপার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
The post ডেঙ্গু প্রতিরোধে সোচ্চার ডিসি-এসপি, পরিষ্কার করলেন পরিত্যক্ত পুকুর appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
