মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মেহেরপুর জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়ে টানা সকাল ১০টা পর্যন্ত মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।
হাসপাতাল প্রাঙ্গণ স্বাস্থ্যকর ও সেবামুখী রাখতে পরিচালিত এই অভিযানে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও ওমর ফারুক লিটন উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে অংশ নেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খান শিল্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতা অভিযানকালে বিএনপি নেতারা বলেন, হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকা অতীব জরুরি। রোগীদের স্বাস্থ্যসেবার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোগান্তি কমাতে তাদের এই সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।
