পবন যাদব, নিজস্ব চিত্রEisamay.com
Published on
:
1 min read
কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। জানা গিয়েছে, রবিবার সকালে পবন যাদব (১১) নামে এক নাবালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন নাবালকের পরিবারের সদস্যরা। এ দিন হাসপাতাল চত্বরে পরিবার লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হয় বলেও অভিযোগ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ পেটে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে মাদার অ্যান্ড হাবে ভর্তি করা হয়েছিল পবনকে। পরিবারের দাবি, পেটে ব্যাথা ছাড়া পবনের আর কোনও অসুবিধা ছিল না। প্রথমে তাকে একটি ইঞ্জেকশন দেওয়ার পরে সুস্থই ছিল সে। পরে দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার পরে হঠাৎ খিঁচুনি শুরু হয় তার। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
পরিবারের দাবি, ভুল চিকিৎসার জন্য পবনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের লোকজন। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে কয়েকজন পুলিশের উপরে চড়াও হন বলেও অভিযোগ। পাল্টা বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেডিক্যাল কলেজ চত্বরে। পরে নাবালকের কয়েকজন পরিজনকে আটক করা হয়েছে বলে খবর।
হাওড়ার আন্দুল রোডের বকুলতলার বাসিন্দা পবন যাদব। ঠিক কী কারণে নাবালকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগের সত্যতা এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মেডিক্যাল কর্তৃপক্ষকে ই-মেলে লিখিত অভিযোগ করেছেন মৃতের বাবা নরেশ যাদব।
