সুন্দরবনকে রক্ষা করা, বাঘকে বাঁচানোর শপথ নিয়ে দুর্গোৎসবের প্রাক মুহূর্তে রবিবার এক অনাবিল ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর শিবগঞ্জ গ্রামে।
- ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুন্দরবনকে রক্ষা করা, বাঘকে বাঁচানোর শপথ নিয়ে দুর্গোৎসবের প্রাক মুহূর্তে রবিবার এক অনাবিল ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর শিবগঞ্জ গ্রামে। অনুষ্ঠিত হল বাঘ-বিধবা মায়েদের মিলন উৎসব। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ থেকে চার শতাধিক বাঘ বিধবা মায়েরা উপস্থিত হয়েছিলেন সেখানে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এক সুসজ্জিত মিছিল অনুষ্ঠিত হয়। সুন্দরবন রক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রাক্তন শিক্ষক ও সুন্দরবন গবেষক অমল নায়েক বলেন, মাছ, কাঁকড়া ধরা কিংবা মধু সংগ্রহের সময় বাঘের আক্রমনে প্রাণ হারাচ্ছেন অনেকে। সংসারে একমাত্র রোজগেরে স্বামীকে হারিয়ে এক অবর্ণনীয় অবস্থার মধ্যে দিয়ে বাঘ বিধবা মায়েদের জীবন অতিবাহিত হয়। সমাজে তাঁরা অবহেলার শিকার হন। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সুন্দরবনে বাঘে মানুষে সংঘাত কমিয়ে আনতে হবে। সুন্দরবন রক্ষায় রাজ্য ও কেন্দ্র সরকার এক মাস্টার প্ল্যান তৈরি করুক। এদিন সুন্দরবনের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চম্পা মহিলা সোসাইটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। বাঘ বিধবা মায়েদের হাতে নতুন শাড়ি, মশারি, গামছা, চাল, ডাল, সরিষার তেল, সয়াবিন সহ নানা ধরনের খাদ্য, স্বাস্থ্য ও পুষ্টি সামগ্রী তুলে দেওয়া হয়। সুন্দরবনের বাঘ বিধবা গীতা সর্দার, রীতা মণ্ডল, অপর্ণা শিয়ালি বলেন, আজ আমরা হতাশা কাটিয়ে বাঁচার স্বপ্ন দেখছি। আমাদের পাশে বহু সহৃদয় বন্ধু এসে দাঁড়িয়েছেন।
