কালবেলা · খেলাধুলা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির নবীনবরণ, গ্র্যাজুয়েট বিদায় ও ক্রিকেট দল সংবর্ধনা
১৬/১০/২০২৬

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসের অডিটরিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ, সামার ২০২৬ সেমিস্টারের গ্র্যাজুয়েটদের বিদায় সংবর্ধনা এবং ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসনুন নাহার। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্যদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা বলেন, ‘টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার যে অসাধারণ কৃতিত্ব ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অর্জন করেছে, তার সম্পূর্ণ অবদান দলের খেলোয়াড়দের।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার বিস্তৃত সম্ভাবনা রয়েছে। বিদায়ী গ্র্যাজুয়েটদের উদ্দেশে উপাচার্য, তাদের কর্মজীবন ও ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেন এবং তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আনন্দমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।
মূল প্রতিবেদনে যান ↗