নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাত সোয়া আটটার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
তিনি বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
নিহত সাংবাদিক আলিফ কলমাকান্দার পোগলা এলাকার বাসিন্দা। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকার শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে আলিফ উতরাইল বাজারে একটি দোকানে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে তার উপর পরপর গুলি ছোড়ে। স্থানীয় লোকজন দৌড়ে এলে ওই যুবকেরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বলেন, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করে। এ সময় তাঁর সঙ্গে থাকা তাঁর এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। তিনি মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতেন।
লুৎফুজ্জামান প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের মেয়ে আনন্দিতা সংমাকে বিয়ে করেন। এই দম্পতির চার বছর বয়সী এক মেয়ে ও দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
