ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, এই ঢাকা শহর আমাদের সবার। আমরা নিজেরা সচেতন হলে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তন করলে ঢাকা শহরও দ্রুত বদলে যাবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি করপোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাঁদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী সরবরাহে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন ও হাই-ভিজিবিলিটি ভেস্টসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
ডিএসসিসি জানায়, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। এসটিএসের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়বে বলে আশা করছে ডিএসসিসি।
এর আগে ডিএসসিসির উদ্যোগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
