পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক চিঠিতে ডা. মীর শহীদুল হাসান শাহীনকে দুমকী থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এ আদেশ প্রত্যাহার করে তাঁকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মীর শহীদুল হাসান শাহীন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তিনি বদলি হয়ে চলে গেলে স্থানীয় বাসিন্দারা মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন। তাই জনস্বার্থে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা প্রয়োজন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম মাস্টার বলেন, ‘ডা. মীর শহীদুল হাসানের মাধ্যমে এলাকাবাসী অনেক উপকৃত হচ্ছেন। তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের উপজেলায় তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক আর নেই।’
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ডা. মীর শহীদুল হাসানের মতো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে দিতে পারেন, তাহলে ভালো। অন্যথায় দুমকী উপজেলাবাসী প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জি এম এনামুল হক বলেন, ‘ডা. মীর শহীদুল হাসান শাহীন একজন দক্ষ প্রশাসক ও চিকিৎসক। তাঁর বদলির কারণে এলাকার জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।’
