রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আগামী ২৬ ও ২৭ অক্টোবর (সোম ও মঙ্গলবার) প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এনিমেল ফার্ম’। নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। জর্জ অরওয়েলের মূল উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ।
১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার রাজনৈতিক বাস্তবতা থেকে উৎসারিত হলেও উপন্যাসটির আবেদন দেশ-কালের সীমানা ছাড়িয়ে বিশ্বজনীন হয়ে উঠেছে। ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি, রাজনৈতিক প্রতারণা, ইতিহাস বিকৃতি এবং সাধারণ মানুষের অধিকার হরণের যে চিত্র অরওয়েল তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। উপন্যাসটির বহুল আলোচিত বক্তব্য; ‘সকল পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান’- নাটকের রাজনৈতিক তাৎপর্যকে আরও গভীর করে তোলে।
নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, ‘এনিমেল ফার্ম’ শুধু একটি পশুখামারের গল্প নয়; এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি। ইতিহাসে আমরা দেখেছি, মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষমতার পালাবদল ঘটলেও শোষণের কাঠামো বদলায়নি। জর্জ অরওয়েলের এই উপন্যাস আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।’

১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস
নাটকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন। প্রযোজনাটির সহযোগী নির্দেশক ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক । সেট ও প্রপস পরিকল্পনায়- আব্দুর রাজ্জাক। পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট। কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী ও হাসান ইশতিয়াক ইমরান। মুখোশ পরিকল্পনা ও নির্মাণে সোহায়েল রহমান উজান।
দর্শকদের সুবিধার্থে অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহী দর্শকেরা +৮৮০১৭১১৫৭৯৩১৯ নম্বরে যোগাযোগ করে টিকিট বুকিং, আসন ও প্রদর্শনীসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন অথবা অনলাইনে বুকিং করতে পারবেন লিংকে ক্লিক করে https://tuca.edu.bd/book-ticket-animal-farm/ ।
এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছিল প্রযোজনাটি।
