নরসিংদীর রায়পুরায় কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে জানাজা শেষে নিহত নিরব মিয়া ও জীবনের দাফন করা হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও একই ইউনিয়নের সাহেরচর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে জীবন (২০)। নিরব নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নিরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আশারামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত জীবনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছাকাছি পৌঁছালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
শুক্রবার রাতেই দুই বন্ধুর লাশ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
স্থানীয়রা জানান, তিন বছর আগে জীবনের বাবা মারা যান। পরিবারের বড় সন্তান হিসেবে জীবনই পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, শুক্রবার রাতে ওই দুই তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই তরুণের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।