‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—যারা এই নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের কাছ থেকে অর্থ নিয়ে একটি রাজনৈতিক দল দেশে অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গোয়েন্দা তথ্যের উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, দেশের কয়েকটি জায়গায়, কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে—যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সীমান্ত পার থেকে অর্থ সরবরাহ করছে। সেই অর্থ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর একটি দল এবং নির্বাচনের আগে যারা জনগণের কাছে মিথ্যা কথা বলেছিল, এই দুই পক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।’
বাংলাদেশের অর্থনীতি ও মানুষের ভাগ্যোন্নয়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যাতে কেউ আর বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ এখন শান্তি, কর্মসংস্থান ও স্থিতিশীলতা চায়। অর্থনৈতিক অধিকারের পাশাপাশি মানুষ রাজনৈতিক অধিকারও নিশ্চিত করতে চায়।’
গত সোমবার ঢাকার ওসমানী উদ্যানে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছিলাম। কিন্তু মুখে যারা ২৪-এর চেতনা ধারণের কথা বলে, তাদের কোনো প্রতিনিধি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল না। ১৯৭১ সালের মতো তারা ২৪-এর জুলাই আন্দোলনকেও ধোঁকা দিয়েছে। তাদের মুখে এক কথা, আর কর্মে অন্য প্রতিফলন দেখা যায়।’
রাজশাহীর উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘রাজশাহীর পদ্মা নদী কীভাবে শুকিয়ে যাচ্ছে তা আমরা দেখছি। এই সমস্যার সমাধানে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, উত্তরাঞ্চলে তিস্তার পাশাপাশি রাজশাহীতে পদ্ম নদীর ওপর ব্যারাজ তৈরি করা হবে। প্রয়োজনে পানির হিস্যা আদায়ের জন্য যতদূর যেতে হয়, আমরা যাব এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের পানির হিস্যা আমরা নিয়ে আসব।’
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব
