রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাজবাড়ী সদর থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ গুলির ঘটনা ঘটে। পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, জেলা শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হওয়া মাত্রই হেলমেট পরিহিত মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা এসে তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মিঠুন বলেন, পিয়ারুল সরদারকে গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
