প্রথম স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা পারিবারিক মামলায় মো. সাইদুল হক (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকার একটি বেসরকারি কোম্পানির কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাইদুল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা দক্ষিণ লুটনি গ্রামের মৃত গুলু মিয়ার ছেলে। তিনি পটিয়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলার গাবতলী ভফাসিয়াখালী এলাকার মৃত নুর মোহাম্মদের মেয়ে উম্মে কুলছুমের সঙ্গে সাইদুল হকের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে প্রথম স্ত্রী থাকা অবস্থায় সাইদুল হক দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।
উম্মে কুলছুমের অভিযোগ, ২০১৬ সাল থেকে তাঁর স্বামী আর কোনো খোঁজখবর নেননি। বন্ধ করে দেন স্ত্রী-সন্তানের ভরণপোষণও। এ অবস্থায় প্রতিকার চেয়ে ২০২৪ সালে কক্সবাজার জেলা জজ আদালতে মামলা করেন তিনি। মামলাটির নম্বর ৮৫/২০২৪। ওই মামলায় আদালত সাইদুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর তিনি পটিয়ায় অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন সাইদুল হক। দীর্ঘদিন পর বৃহস্পতিবার সকালে আমজুরহাট এলাকার কর্মস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামীম ভূঁইয়া জানান, পারিবারিক মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাইদুল হককে আমজুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে চকরিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
The post পটিয়ায় প্রথম স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার appeared first on বাংলাধারা.
