Published on
:
2 min read
একদল আছেন যাঁরা পুজোর সময়ে উত্তর থেকে দক্ষিণ গোটা কলকাতা চষে বেড়ান। আর একদল পুজোর ছুটিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন। কারও আস্তানা হয় পাহাড়, আবার কারও নতুন শহর। পুজোর সময়ে বেশ কয়েক দিন ছুটি থাকে, তাই নিশ্চিন্তে ঘোরা যায়। উৎসবের আমেজ, কাজের ব্যস্ততা এবং বেড়াতে যাওয়ার আনন্দ— সব মিলিয়ে এক টান টান উত্তেজনা কাজ করে। কিন্তু এই উত্তেজনার মাঝে ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ভুলে গেলেই বিপদ। প্রয়োজনীয় জামাকাপড় নেবেন, সঙ্গে আর কোন কোন জিনিস অবশ্যই নিতে হবে, জেনে নিন।
সানস্ক্রিন-সানগ্লাস
গন্তব্য যা-ই হোক, সানস্ক্রিন সঙ্গে রাখতেই হবে। আর ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রোদের মধ্যেই ঘুরবেন। তাতে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সানস্ক্রিন মাখা আবশ্যিক। সানস্ক্রিন মাখার পাশাপাশি সানগ্লাস ও টুপি পরাও জরুরি। যদি পাহাড়ে বেড়াতে যান, সেখানে ইউভি রশ্মি এত বেশি থাকে যে, সানস্ক্রিন যথেষ্ট নয়। তাই ড্রাই আইজের ঝুঁকি এড়াতে সানগ্লাস পরুন এবং মুখ বাঁচাতে টুপি ব্যবহার করুন।
টিস্যু ও স্যানিটাইজ়ার
ব্যাগে ওয়েট ওয়াইপস, ড্রাই টিস্যু, টয়লেট পেপার সঙ্গে রাখুন। ত্বক পরিষ্কার করতে, হাত মুছতে এগুলোই কাজে আসবে। সারাদিন ধরে ঘুরছেন, পরিশ্রান্ত লাগছে। তখন ওইয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। এতে সতেজতা অনুভব করবেন এবং ত্বকে থাকা ধুলো-ময়লা পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজ়ারও সঙ্গে রাখুন। সব জায়গায় হাত ধোয়ার সুবিধা না-ও থাকতে পারে। তখন হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করে নিন।
জলের বোতল
বেড়াতে গেলে মিনারেল ওয়াটার খাওয়াই ভালো। এতে পেটের সমস্যা এড়ানো যায়। কিন্তু সব জায়গা এই সুবিধাও পাবেন না। তাই সঙ্গে রিইউজ়েবল ওয়াটার বোতল ব্যবহার করুন। সারাদিন ধরে ঘুরে বেড়ানোর প্ল্যান থাকলে, হাইকিংয়ের প্ল্যান থাকলে একটি বোতলে ইলেক্ট্রোলাইটের পাউডার গুলে নিন। এটা দিনভর খেলে শরীর হাইড্রেটেড থাকবে।
আরামদায়ক জুতো
ঘুরতে গিয়ে ফ্যাশনের দিকে নজর দিলে চলবে না। বরং, আরামের দিকে জোর দেওয়া জরুরি। ঘুরতে গিয়ে জুতো ছিঁড়ে গেলে যেমন বিপদে পড়বেন, তেমনই হাঁটতে গিয়ে ব্যথা হলেও সমস্যা। তাই বেড়াতে গিয়ে বিপদে যেতে না পরতে হয়, তার জন্য আরামদায়ক এবং ভালো মানের জুতো সঙ্গে নিন।
মেডিসিন কিট
মাথাব্যথা, বমি, পেট খারাপ, জ্বরের মতো সাধারণ সমস্যাগুলোর ওষুধ সঙ্গে নেবেন। পাশাপাশি অ্যান্টিসেপ্টিক মলম, ব্যান্ডেড, পেইন রিমুভাল স্প্রে, ইলেক্ট্রোলাইটের পাউডার অবশ্যই ব্যাগে রাখবেন। এই বেসিক ওষুধ এবং জিনিসপত্রগুলো সঙ্গে না রাখলে সমস্যায় পড়লে আরও বিপদ বাড়বে।
FAQ
১. পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার সময় ব্যাগে কী কী রাখা জরুরি?
সানস্ক্রিন, সানগ্লাস, টিস্যু, স্যানিটাইজ়ার, জলের বোতল, আরামদায়ক জুতো ও মেডিসিন কিট রাখা জরুরি।
২. বেড়াতে গেলে সানস্ক্রিন ব্যবহার করা কেন প্রয়োজন?
রোদের অতিবেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।
৩. ভ্রমণের সময় হ্যান্ড স্যানিটাইজ়ার কেন সঙ্গে রাখবেন?
সব জায়গায় হাত ধোয়ার সুবিধা না থাকায় হাত পরিষ্কার রাখতে হ্যান্ড স্যানিটাইজ়ার কাজে আসে।
৪. ভ্রমণের সময় ইলেক্ট্রোলাইট সঙ্গে রাখা উচিত কেন?
দীর্ঘক্ষণ হাঁটাচলা বা হাইকিংয়ের সময় ঘামের মাধ্যমে জল ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি হলে তা পূরণে ইলেক্ট্রোলাইট সাহায্য করতে পারে।
৫. ভ্রমণের মেডিসিন কিটে কী কী রাখা উচিত?
প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেড, অ্যান্টিসেপ্টিক মলম, পেইন রিলিফ স্প্রে ও ইলেক্ট্রোলাইট রাখা যেতে পারে। নিয়মিত ওষুধ খেলে সেগুলিও সঙ্গে নিন।
