বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে এবং আশপাশ এলাকায় বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান।
এ খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। স্থানীয়দের সতর্ক থাকতে মাইকিং করেছেন বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা।
ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এর টিম লিডার মো. জাকারিয়া হোসাইন বলেন, ‘ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে বাঘের পায়ের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে বন বিভাগ ও আমরা সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদীর চরে অর্ধ কিলোমিটার জুড়ে বাঘ বিচরণ করে সুন্দরবনের দিকে চলে যাওয়া বাঘের পায়ের ছাপ দেখা গেছে। জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পায়ের ছাপ দেখে বাঘের আনাগোনা নিশ্চিত হওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে রাতের কোনও এক সময় এসেছিল, আবারও নদী পার হয়ে বনে চলে গেছে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষনিক টহলের নির্দেশনা দেয়া হয়েছে।’
