কালবেলা · সাধারণ
নিখোঁজের ২ দিন পর বিলের পানিতে মিলল স্কুল ছাত্রীর মরদেহ
২০/১০/২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাঠে ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী শাম্মী আক্তারের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে পাশ্ববর্তী বিলের পানি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাম্মী আকতার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর রোববার সকাল ১১টার দিকে শাম্মী প্রতিবেশী ছেলে-মেয়েদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরে মাঠে যায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও আর বাড়ি ফেরেনি। রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় বাধ্য হয়ে ওই রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা শহিদুর রহমান।
আজ সকালে বাড়ির পাশ্ববর্তী বিলের পানিতে কিছু একটা ভাসতে দেখে হইচই শুরু হলে অসংখ্য মানুষ সেখানে ভিড় করে। পরে পানি থেকে মরদেহটি তোলার পর সেটি শাম্মীর বলে শনাক্ত করে তার বাবা-মা।
নিহত শাম্মীর পিতা শহিদুর রহমান বলেন, আমার মেয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে কেন আজ বাবা হয়ে তার লাশ দেখতে হলো। সে তো প্রতিদিনের মতো ছাগল চরাতে গিয়েছিল। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার মেয়ের মৃত্যুর কারণ জানতে চাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে শাম্মীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗