শেষ মুহূর্তের রোমাঞ্চে গতবারের রানার্সআপ আর্সেনালকে হারের মুখ থেকে বাঁচালেন ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস। বুন্দেসলিগা পরাশক্তি বায়ার্ন মিউনিখের মাঠ থেকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
বুধবার (২১ অক্টোবর) রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চোট পাওয়া বুকায়ো সাকার বদলি হিসেবে নেমে প্রথমার্ধে আর্সেনালকে এগিয়ে নেন এবারচি এজে। তবে হ্যারি কেইনের দূরদর্শী পাসের ওপর ভর করে বায়ার্নকে দ্রুতই সমতায় ফেরান আলফনসো ডেভিস।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। তবে ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে থ্রি লায়নস সতীর্থ রাইস গোল করে আর্সেনালকে এক পয়েন্ট এনে দেন।
ফর্মের মগডালে থাকা উইঙ্গার মাইকেল ওলিসে, জার্মানি অধিনায়ক জশুয়া কিমিচ এবং মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে ছাড়াই মাঠে নামে বায়ার্ন। অসুস্থতার কারণে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির ডাগআউটে থাকা নিয়েও অনিশ্চয়তা ছিল, তবে শেষ পর্যন্ত ম্যাচ চলাকালে সাইডলাইনে উপস্থিত ছিলেন তিনি।
মূল খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও আগামী সপ্তাহে লন্ডনে হতে যাওয়া ব্যালন ডি'অর পুরস্কার অনুষ্ঠানের আগে আর্সেনালের জমাট রক্ষণের সামনে বায়ার্নকে টানা দারুণ সব আক্রমণ উপহার দেন হ্যারি কেইন।
দ্বিতীয়ার্ধের পেনাল্টিতে আর্সেনালের বিরুদ্ধে ২৩ ম্যাচে নিজের ১৬ নম্বর গোলটি স্পর্শ করেন কেইন। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর যে ইতিহাস গড়েছিলেন, কেইন এখন তার থেকে মাত্র এক ধাপ দূরে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচের মধ্যে এটি ছিল আর্সেনালের দ্বিতীয় পয়েন্ট হারানোর ঘটনা।
