২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল (Robert E. Hall) এবং মাইকেল উডফোর্ড (Michael Woodford)। অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার গবেষণার জন্য তাঁদের এই সম্মান দেওয়া হয়েছে। সোমবার, ১২ অক্টোবর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে।
কোন গবেষণার জন্য নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ?
রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ডের গবেষণার মূল বিষয় ছিল, কী ভাবে সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি অর্থনীতির ওঠানামা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থনৈতিক বৃদ্ধি, মন্দা, মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝতে তাঁদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
সহজ কথায়, কোনও দেশের অর্থনীতি যখন দ্রুত বৃদ্ধির পথে হাঁটে বা মন্দার মুখে পড়ে, তখন সুদের হার পরিবর্তন কিংবা সরকারি ব্যয়ের মতো পদক্ষেপের মাধ্যমে সেই ওঠানামা কী ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা বুঝতে সাহায্য করে এই ধরনের অর্থনৈতিক মডেল। এই দুই অর্থনীতিবিদ সফলভাবে দেখিয়েছেন কী ভাবে অর্থনৈতিক মডেলগুলোকে নতুনভাবে সাজিয়ে সরকারের স্থিতিশীলতা নীতিগুলোকে আরও বেশি কার্যকর করা সম্ভব।।
কে রবার্ট ই হল?
আমেরিকান অর্থনীতিবিদ রবার্ট ই হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯৪৩ সালে আমেরিকার পালো আল্টোতে জন্মগ্রহণ করেন তিনি। অর্থনীতি, কনজিউমার, কর্মসংস্থান এবং অর্থনৈতিক নীতির প্রভাব নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন তিনি। ব্যক্তিগত স্তরে পরিবার ও সংস্থার অর্থনৈতিক সিদ্ধান্ত কী ভাবে বৃহত্তর অর্থনীতিকে প্রভাবিত করে, তা বোঝার ক্ষেত্রে তাঁর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কে মাইকেল উডফোর্ড?
মাইকেল উডফোর্ড কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। ১৯৫৫ সালে আমেরিকার চিকোপিতে জন্মগ্রহণ করেন তিনি। মুদ্রানীতি, মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতির সঙ্গে মানুষের প্রত্যাশার সম্পর্ক নিয়ে তাঁর গবেষণা বিশেষভাবে জনপ্রিয়। কেন্দ্রীয় ব্যাঙ্কের ঘোষণা ও ভবিষ্যৎ নীতির ইঙ্গিত কী ভাবে বাজার এবং অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে, তা বিশ্লেষণে তাঁর কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অর্থনীতির নোবেল কি মূল নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত?
অর্থনীতিতে নোবেল অর্থনৈতিক বিজ্ঞানে Sveriges Riksbank পুরস্কার নামে পরিচিত। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই পুরস্কার চালু করে এবং ১৯৬৯ সালে প্রথম বার অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হয়। আলফ্রেড নোবেলের মূল উইলে থাকা পাঁচটি পুরস্কারের মধ্যে অর্থনীতি বিষয় হিসেবে ছিল না। পরে এটি যুক্ত হয়। প্রতি বছর অন্য নোবেল পুরস্কারগুলির সঙ্গে একই ভাবে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অর্থনীতির বিজয়ীদের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।
