বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। সেখানে ঘরের দরজা ভেঙে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় যুবদল কর্মী ও রাশেদ আমিনও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে।
কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।