সপ্তাহের প্রথম দিনে কলকাতায় ফের ইডির হানা। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুঁদঘাট-সহ মোট আট জায়গায় একযোগে অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, মোটা টাকার মুনাফার টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে এক অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। সেই আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরেই এ দিন সকাল থেকে তল্লাশি শুরু করেছে ইডি।
সূত্রের খবর, ওই বেসরকারি অর্থলগ্নি সংস্থা মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলত। কিন্তু পরে প্রতিশ্রুতি মতো টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। নির্মাণ সংস্থা-সহ অন্য বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে ওই টাকা ব্যবহার করত সংস্থাটি। অভিযোগ, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করেছে ওই অর্থলগ্নি সংস্থাটি।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত মাসেও এই আর্থিক প্রতারণার মামলায় তল্লাশি অভিযানে নেমেছিল ইডি। সেই সময়ে ওই অর্থলগ্নি সংস্থার বিভিন্ন অফিসে এবং সংস্থার একাধিক কর্তার বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। গত মাসের অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ফের অভিযানে নামল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আটটি পৃথক দলে ভাগ হয়ে কলকাতার আট জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু করেছেন আধিকারিকেরা।
