যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরান যুদ্ধ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, শুল্কনীতি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি ভোটারদের রিপাবলিকানদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) ওহাইও ও মিশিগানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ওবামা। এ সময় ট্রাম্প প্রশাসনের শাসনামলকে ‘বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতায়’ ভরা বলে মন্তব্য করেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওহাইওর ক্লিভল্যান্ডে সাবেক সিনেটর শেরড ব্রাউনের পক্ষে প্রচারণায় ওবামা বলেন, ট্রাম্প এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করেছেন, যা কেউ চাননি।
তার দাবি, ২০১৫ সালে তার প্রশাসনের করা ইরানের পারমাণবিক চুক্তি তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে কার্যকর ছিল। কূটনীতির বদলে যুদ্ধ বেছে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে এখন মূল্য দিতে হচ্ছে।
ওবামার অভিযোগ, ইরানের সঙ্গে সংঘাতের কারণে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, সেনাসদস্যদের হতাহত হওয়া এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেল ও ডিজেলের দামে।
ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করে ওবামা বলেন, আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের খরচ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হয়। বিদেশি যন্ত্রাংশের ওপর শুল্ক বসলে যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির দামও বাড়তে পারে। কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের বিষয়েও ট্রাম্পের সমালোচনা করেন তিনি।
দেশের বিপুল সরকারি ঋণ, ধনীদের সুবিধা দিয়ে করছাড় এবং স্বাস্থ্য ও খাদ্যসহায়তা খাতে ব্যয় কমানোর বিষয়েও ট্রাম্প প্রশাসনকে আক্রমণ করেন সাবেক এই প্রেসিডেন্ট। তার অভিযোগ, প্রশাসনের নীতিতে সাধারণ মানুষের চেয়ে ধনীরাই বেশি সুবিধা পাচ্ছেন।
অভিবাসন নীতিতে সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করলেও ওবামা বলেন, আইন মানা নাগরিকদের আটক করা কিংবা রাস্তায় মুখোশধারী অভিবাসন এজেন্ট মোতায়েন করা গ্রহণযোগ্য নয়।
ওহাইওতে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি নির্বাচনী বিজ্ঞাপনেরও সমালোচনা করেন তিনি। বিজ্ঞাপনটিতে প্রতিদ্বন্দ্বী অ্যামি অ্যাকটনের মাকে ব্যবহার করে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
মিশিগানে সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও গভর্নর প্রার্থী জোসেলিন বেনসনের পক্ষে প্রচারণা চালিয়ে ওবামা বলেন, মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প প্রশাসনের ক্ষমতা সীমিত করার গুরুত্বপূর্ণ সুযোগ। ভোটারদের ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে সততা ও শালীনতা ফিরিয়ে আনা জরুরি।
সূত্র: আল জাজিরা
