৪৬ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৪৬ মিনিট আগে
স্টার অনলাইন রিপোর্ট
প্রতীকী ছবি
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে শিগগিরই ফিরিয়ে আনা হবে বলে আশা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সদরদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, ওই দুই পুলিশ সদস্য সুস্থ ও অক্ষত আছেন। তাদের ফিরিয়ে আনতে ভারতীয় পক্ষের সঙ্গে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।
আজ শুক্রবার বিজিবি সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে দ্য ডেইলি স্টারের সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএসএফের হাতে আটক ওই দুই পুলিশ সদস্য হলেন— ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে তাদের আটক করা হয় বলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের সময় এক সন্দেহভাজন মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত ভারতীয় সীমানায় চলে যান।
প্রথমে স্থানীয় ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন। পরে তাকে উদ্ধার করতে এএসআই ইমরান সেখানে গেলে তিনিও আটক হন। পরে তাদের দুজনকে বিএসএফের হেফাজতে নেওয়া হয়।
বিজিবি কর্মকর্তা বলেন, আমরা ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছি এবং আমাদের দুই পুলিশ সদস্যকে খুব দ্রুত ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
তিনি জানান, ওই দুই পুলিশ সদস্য নিরাপদে আছেন এবং তাদের ফিরিয়ে আনতে বিজিবি সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে।
ঘটনাটিকে 'অপ্রত্যাশিত হলেও অস্বাভাবিক নয়' হিসেবে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ বলেন, বিশেষ করে পাহাড়ি, বনাঞ্চল ও জটিল ভূপ্রকৃতির সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতি তৈরি হতেই পারে।
তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে খুব দ্রুতই তাদের ফেরানো যাবে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো আগামী ১৭ অক্টোবরের মধ্যে রোহিঙ্গাদের তাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে— এমন খবরের কারণে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে কি না, জানতে চাইলে এই বিজিবি কর্মকর্তা সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে তিনি জানান, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকার যেকোনো নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
