ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থল কনাট প্লেসে পূর্বঘোষিত ‘তেরঙ্গা’ বিক্ষোভ সমাবেশ সফল করার চেষ্টার মধ্যেই ফের আটক হয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সেন্ট্রাল পার্কে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তিনি।
তবে পূর্বানুমতি না থাকায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দিল্লি পুলিশ কনাট প্লেস এলাকায় যেকোনো জমায়েত কঠোরহস্তে দমন করেছে এবং অভিজিৎ দীপকে আটক করেছে।
এর আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে কনাট প্লেস কোনো বিক্ষোভের অনুমোদিত জায়গা নয়। ওই এলাকায় বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি রয়েছে।
উৎসবের এই মরশুমে কনাট প্লেসের শোরুম, রেস্তোরাঁ ও রাজীব চক মেট্রো স্টেশনের বিশাল জনস্রোতের মাঝে অননুমোদিত জমায়েত বড় ধরনের বিশৃঙ্খলা বা পদদলিত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে—এমন যুক্তিতে পুলিশ আগেই কড়া সতর্কবার্তা দিয়েছিল। তা সত্ত্বেও কর্মসূচি বাস্তবায়নের অনড় অবস্থানে থাকায় শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র: হিন্দুস্তান টাইমস