ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঐতিহ্যবাহী হাজী ডাঙ্গি মডেল মসজিদে জুমার নামাজ আদায় ও হাজী ডাঙ্গি কবরস্থান জিয়ারত করেছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় কবরস্থানের উন্নয়ন, সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে হাজী ডাঙ্গি কবরস্থান জিয়ারত করেন সংসদ সদস্য। পরে হাজী ডাঙ্গি মাদ্রাসা ও এতিমখানা কমিটির সদস্য এবং স্থানীয়দের উপস্থিতিতে কবরস্থানের উন্নয়নে আর্থিক অনুদানের ঘোষণা দেন তিনি। এ সময় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, চরভদ্রাসন উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবাইকে এগিয়ে আসতে হবে। মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে দানশীল ব্যক্তি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। হাজী ডাঙ্গি কবরস্থানসহ এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, হাজী ডাঙ্গি কবরস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে সংসদ সদস্য বিএনপি নেতা ও চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের সদস্য আলেপ মণ্ডলের বাড়িতে যান।
অনুষ্ঠান শেষে চরভদ্রাসন উপজেলার শান্তি ও সমৃদ্ধি এবং কবরস্থানে শায়িত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
The post চরভদ্রাসনে কবরস্থান উন্নয়নে ১ লাখ টাকা দিলেন এমপি বাবুল appeared first on ভোরের চেতনা.
