টানা তিন দিনের জন্য বন্ধ থাকছে থাই ভিসার আবেদন জমা নেওয়া ও ফি পরিশোধের সেবা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থাইল্যান্ড ভ্রমণকারীদের উদ্দেশ্যে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত রাজকীয় থাই দূতাবাস এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের অভ্যন্তরীণ সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাই ই-ভিসা এবং পেমেন্ট সিস্টেমের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর সেবা চালু হবে।
দূতাবাস জানিয়েছে, এ সময়ে যারা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা যেন তাদের ভিসা আবেদন এবং পেমেন্টের বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করে রাখেন, যাতে যাত্রার তারিখের আগে পর্যাপ্ত সময় হাতে থাকে।
সাময়িক এ অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।