নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ ঘরের রান্নাঘরে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে সুরুতি বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মির্জাপুর পৌরসভার পোস্টকামুরী খালেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরুতি বেগম পোস্টকামুরী গ্রামের তুলু মিয়ার স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ ঘরের রান্নাঘরে কাজ করছিলেন সুরুতি বেগম। এ সময় একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
