ভারতে চলমান বিক্ষোভকে ঘিরে চলছে আটক আর ছাড়ার খেলা। শুক্রবারের কর্মসূচির আগে আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে। আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে নেহাকে। তবে এখনও পুলিশের প্রতিরোধমূলক হেফাজতে রয়েছেন দীপকে।
অভিজিৎ দীপকে’কে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে। তবে সিজেপির দাবি, অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দিপকেকে। সিজেপি নেতার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডের অভিযোগ, আটক করার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তারা দীপকের অবস্থান নিশ্চিত করতে পারেননি। সিজেপির প্রতিষ্ঠাতাকে কেন আটক করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগেই বাসা থেকে অভিজিৎ দিপকেকে আটক করে পুলিশ। ভোটের মাঠে চুরি এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ঐ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দীপকে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় আটক করা হলো তাকে। এই পরিস্থিতিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি-সিজেপি।
