খুলনা নগরীতে হানি ট্র্যাপের (ফাঁদ) শিকার হয়ে জিম্মি হওয়া ঢাকার এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। জমি বিক্রির কথা বলে তাঁকে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে বিবস্ত্র করে মারধর করা হয়। সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলতাফ হোসেন ঢাকার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং খুলনার খালিশপুর এলাকায় তাঁর একটি আবাসন প্রকল্প চলমান রয়েছে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে খালিশপুরে তাঁর একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে তাঁকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়।
সেখানে পৌঁছানোর পর চক্রটি তাঁকে আটকে ফেলে এবং বিবস্ত্র করে মারধর করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে সোনাডাঙ্গা থানার পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ব্যবসায়ী আলতাফ হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ওই ছয়জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
