ঢাকা: ঋণখেলাপি প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেড-এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসির অনুমোদিত চলতি মূলধন ঋণসীমা নবায়নের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে সোনালী ব্যাংকের অনুমোদিত চলতি মূলধন ঋণসীমা নবায়নের বিষয়ে আইনি ছাড় দেওয়ার কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিষয়ে জারি করা নির্দেশনার অনুলিপি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে প্রজ্ঞাপনে ঋণসীমার পরিমাণ, অব্যাহতির মেয়াদ কিংবা ছাড় দেওয়ার বিস্তারিত শর্ত উল্লেখ নেই।
