ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় রাজিবের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আমির আলী শিকদারের ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বরিশাল-পটুয়াখালী মহাসড়কসংলগ্ন দপদপিয়ার বকুলতলা এলাকায় অভিযান চালায়। পরে রাজিবের ঘরে তল্লাশি করে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিআলো/আমিনা