নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এমএ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহিদ মিনারসংলগ্ন এলাকায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন সহসভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, দপ্তর সম্পাদক শিহাব মিয়া, সাংবাদিক আসরাফ উদ্দিন হিল্লোল, বাছির আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে।