নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাটোরে কর্মরত সাংবাদিকরা। নিহত সাংবাদিকের খুনিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) নাটোর শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসটার্মিনালে ‘নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে নির্মমভাবে গুলি করে হত্যা করা পেশাদার সাংবাদিকতার ওপর এক চরম আঘাত। দেশে বারবার সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে আলিফ হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বক্তারা আরও জোর দাবি জানিয়ে বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে দেশজুড়ে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অন্যথায় নাটোরসহ সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচির ডাক দেবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রেজাউল করিম রেজা, কামাল হোসেন, গোলাম রাব্বানি, গোলাম গাউস, হালিম খান,আল মামুন, নাজমুল হাসান, বুলবুল আহমেদ, দেবাশীষ সরকার, পরিতোষ অধীকারী, নাসিম উদ্দিন নাসিম সহ নাটোরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সর্বস্তরের শতাধীক সংবাদকর্মীরা।
