স্টাফ রিপোর্টার।।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা সফর করবেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মূলত তাঁর এই খুলনা সফর নির্ধারিত হয়েছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা ফেরাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় কিছু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের কড়া নির্দেশনা ও প্রস্তুতি:
প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে।
নগরীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে মোবাইল কোর্টের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানানো হয়।
প্রস্তুতিমূলক সভা: প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গাড়ি রিকুইজিশন, অতিথিদের বিশ্রামস্থল, হেলিপ্যাড প্রস্তুতকরণ, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরাপত্তা পাসসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল ও কানিজ ফাতেমা লিজা, এনএসআইয়ের খুলনা পরিচালক আহমেদ কবীর, পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান ও আবির সিদ্দিকী শুভ্রসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
