নিজস্ব প্রতিবেদক
সিলেট শহরের কাজির বাজার এলাকায় চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক রেস্তোরাঁর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত দিনার আহমেদ ওরফে রুমন (২২) ঐ এলাকার নিরঞ্জন ঘোষের মালিকানাধীন রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ সুরমার জালালপুরের সব্দলপুর গ্রামের বাসিন্দা, মৃত তখলিছ আলীর ছেলে।
ঘটনাটি ঘটে আজ রোববার সকাল ১০ টার দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক যুবক চা খেতে রেস্তোরাঁয় এলে চা পরিবেশনে বিলম্ব হয়। এ নিয়ে রুমনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মালিক ও অন্যরা পরিস্থিতি সামাল দিলেও কিছুক্ষণ পর ঐ যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসে এবং রেস্তোরাঁর ভেতরে ঢুকে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনারের বড় ভাই রেজু আহমদ বলেন, “রুমন প্রায় আড়াই বছর ধরে ওই রেস্তোরাঁয় কাজ করছিল। সামান্য তর্কাতর্কির জেরে তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।”
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।এই নির্মম ঘটনায় কাজির বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
