সংবাদদাতা, ময়নাগুড়ি: মেলার আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদের হাহাকারে। উৎসবের মরসুমে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে সর্বস্ব চুরি করে চম্পট দিল দুষ্কৃতীদের দল। ঘরের দরজার তালা ভেঙে নগদ ৭৫ হাজার টাকা সহ সোনার গয়না লুট করে পালিয়ে যায় তাঁরা। গতকাল, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকায়। ঘটনাটিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ভাণ্ডানির পুজো উপলক্ষ্যে মেলা বসেছে মাধবডাঙ্গায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের সবাইকে নিয়ে মেলায় গিয়েছিলেন ঋষিকেশ শর্মা। বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগ কাজে লাগায় দুষ্কৃতীরা। লোকজন বাড়িতে ফিরে দেখেন দরজার তালা ভাঙা। পাশেই পড়ে রয়েছে লোহার রড। সেটি দিয়ে তালা ভাঙা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ঘরের মধ্যে সমস্ত কিছু তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা।
বাড়ির মালিক ঋষিকেশ শর্মা বলেন, ‘কয়েক মাস আগে অগ্নিকাণ্ডের জেরে আমাদের বাড়ি পুড়ে গিয়েছিল। এদিকে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। আত্মীয়ের বাড়ি থেকে টাকা পাঠিয়েছিল। আর ঘরে কিছু সোনার সামগ্রী ছিল। সবকিছু চুরি হয়ে গিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি।’ অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারীরা। অপরাধীচক্রের খোঁজে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
