মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,আমাদের নিজ পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলোকে যেন আমরা সবসময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে গড়ে তুলতে পারি, সে বিষয়ে সকলের প্রতি বিনীত অনুরোধ রইল।
শনিবার সকালে কালকিনি পৌরসভার আয়োজনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার আরও বলেন, আপনারা যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানটিকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করবেন। যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। তাঁর কর্মী হিসেবে আমরাও আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এর জন্য আপনাদের সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা শামীম মোল্লা ও মামুন সিকদারসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
