নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো/চেকপোস্ট) এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল এই সীমান্তভেদী চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা ৪৫টি ভারতীয় শাড়ী, ১টি থ্রি-পিস, ২টি টি-শার্ট, ১১টি কম্বল, ১ প্যাকেট ফুসকা, ১৫১টি চকলেট, ৭ প্যাকেট খৈনি এবং ১২৩টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় বিজিবির টহলদল নিয়মিত অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
