গাজীপুরের শ্রীপুরে এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
গ্রেপ্তাররা হলেন— গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সরোয়ার মুর্শেদ (৩৮), মো. সবুজ (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।
আজ শনিবার বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
