শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর নগরীর ধর্মসভার (রাধাগোবিন্দ মন্দির) পূজামণ্ডপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর প্রেস ক্লাব এলাকায় অবস্থিত মণ্ডপে তিনি আসেন। এখানে পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টার দিকে বিমানটি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি সেখান থেকে সড়কপথে রংপুরে যান।
এ সময় মণ্ডপের ফটকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, মণ্ডপের পরিচালনা কমিটি, হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারা ও পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
মণ্ডপে প্রবেশের আগে তিনি আশপাশে উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান।
কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার দিকে তার ধর্মসভা পূজামণ্ডপে উপস্থিত থাকার কথা থাকলেও তারাগঞ্জ উপজেলায় একটি পথসভায় অংশ নেওয়ার কারণে এখানে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। ধর্মসভা পূজামণ্ডপে তিনি ৩০ মিনিট অবস্থান করবেন। এরপর ধর্মসভার পাশেই পায়রা চত্বর এলাকায় শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে যাওয়ার কথা রয়েছে তার।
রংপুরের পাশাপাশি আজ রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তিন মহানগরের কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ অঞ্চলের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা কাজ করছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর নগরী পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের দুপাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষের ঢল নামে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এছাড়া আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী এবং বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ আরও কয়েকজন তার সঙ্গে রয়েছেন।
