‘কে-পপ ডেমন হান্টার্স’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী ইজে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের প্রেমিক ও সংগীত প্রযোজক স্যাম কিমকে বিয়ে করেছেন তিনি। গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সংবাদমাধ্যম ভোগের এক প্রতিবেদনে বিয়ের বিভিন্ন তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিয়ের স্থানটি ইজের কাছে বিশেষ আবেগের। শৈশবে ওই বাড়িতে থাকতেন তার দাদা-দাদি। ছোটবেলায় বাড়ির বাগানে ঘুরে বেড়ানো এবং পেছনের পাহাড়ে দাদুর সঙ্গে হাঁটাহাঁটি করার স্মৃতি জড়িয়ে রয়েছে জায়গাটির সঙ্গে।
বিয়েতে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবক পরেছিলেন ইজে ও স্যাম কিম। কনের পোশাকে ছিল সবুজ ও সোনালি রঙের সূক্ষ্ম কারুকাজ এবং গাঢ় লাল রঙের ঘেরওয়ালা স্কার্ট। পোশাকের ওপরের অংশটি ‘ডাঙ্গুই’ নামে পরিচিত, আর স্কার্টটির নাম ‘চিমা’। জ্যাকেটজুড়ে সোনালি নকশার পাশাপাশি বুকের মাঝখানে ছিল ড্রাগনের প্রতিকৃতি। চুলের ঐতিহ্যবাহী অলংকারও তার সাজে যোগ করে ভিন্ন মাত্রা। পোশাকটি নকশা করেছেন দক্ষিণ কোরিয়ার ডিজাইনার হান উন-হি।
অন্যদিকে, স্যাম কিমের পরনে ছিল হালকা সোনালি-খয়েরি রঙের ঐতিহ্যবাহী হানবক। সাদা কলার, কোমরে গাঢ় রঙের বাঁধন এবং বুকে গোলাপি ফিতার মতো অলংকরণে তার সাজেও ফুটে উঠেছিল কোরীয় ঐতিহ্যের ছাপ।
ইজে ও স্যামের পরিচয় ২০১৭ সালে। সে সময় স্যাম সংগীত প্রযোজক হিসেবে কাজ করতেন। গানের একটি সেশনে একসঙ্গে কাজ করার সূত্রেই তাদের পরিচয়। ২০২৩ সালে বাগ্দান হলেও সম্পর্কের ব্যক্তিগত নানা দিক আড়ালেই রেখেছিলেন তারা। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশের মাধ্যমে বাগ্দানের খবর জানিয়েছিলেন ইজে।
‘গোল্ডেন’ গানের জন্য অস্কার জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে আরও আলোচনায় আসেন এই সংগীতশিল্পী। এবার বিয়ের খবর ও ঐতিহ্যবাহী সাজের মাধ্যমে ভক্তদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
