দিনব্যাপী আয়োজনে গ্লোবাল এক্সপার্টদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, পেশাগত যোগাযোগ এবং সনদ ও ক্যারিয়ারবিষয়ক আলোচনা থাকবে
সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (কিউএ) ও টেস্টিং নিয়ে চতুর্থবারের মতো সিম্পোজিয়ামের আয়োজন করতে যাচ্ছে এসকিউএটি বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ঢাকা শেরাটনে ‘ফোর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জাইগার ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। এ ছাড়া দেশী-বিদেশী সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশল খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, সিআইও, সিটিও, প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) আয়োজিত এ সিম্পোজিয়ামে একাডেমিক পার্টনার হিসেবে থাকছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পরীক্ষা ও ওয়েবভিত্তিক প্রশিক্ষণ পার্টনার হিসেবে রয়েছে আইএসকিউআই।
দিনব্যাপী আয়োজনে গ্লোবাল এক্সপার্টদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, পেশাগত যোগাযোগ এবং সনদ ও ক্যারিয়ারবিষয়ক আলোচনা থাকবে। অংশগ্রহণকারীরা আইএসটিকিউবির গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জাইগারের স্বাক্ষরযুক্ত অংশগ্রহণের সনদ পাবেন।
বিএসটিবির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সনদপ্রাপ্ত টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখা। পাশাপাশি সফটওয়্যার কিউএ ও টেস্টিংকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি সেবা রফতানি বৃদ্ধির সঙ্গে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।
বিএসটিবির প্রেসিডেন্ট ড. এম. নুরুজ্জামান বলেন, এআইয়ের যুগে সফটওয়্যারের গুণগত মান আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য দক্ষতা, সনদ, কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের সুযোগকে একই ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা।
-সংবাদ বিজ্ঞপ্তি
