বিনোদন ডেস্ক ||
দেশে তো বটেই, ওপার বাংলায় ছড়িয়েছে যশ-খ্যাতি। কেবল তাই নয়, ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করে মুঠো মুঠো প্রশংসা কুড়িয়েছেন তারা। বলছি, জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী জয়া আহসান ও মোশাররফ করিমের কথা।
জয়া আহসান ও মোশাররফ করিম একসঙ্গে খুব একটা কাজ করেননি। তবে মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ জয়া। তার মতে—“মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান।”
একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জয়া আহসান বলেন, “মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।”
মোশাররফ করিমের ভূয়সী প্রশংসা করে জয়া আহসান বলেন, “আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।”
ইশতিয়াক আহমেদ রুমেল নির্মিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেন মোশাররফ করিম ও জয়া আহসান। ২০১১ সালে ঈদুল ফিতরে একুশে টিভিতে প্রথম প্রচার হয় নাটকটি। প্রচারের পর দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে এটি। এখনো ইউটিউবে দেখা যায় নাটকটি। এখনো নাটকটি দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
সোহেল রানা নামে একজন লেখেন, “নাটকটা অসাধারণ সুন্দর ছিল। তবে শেষের কাহিনিটা খুব কষ্টদায়ক।” বিপ্লব লেখেন, “২ ঘণ্টা খোঁজার পর নাটকটি পেলাম, অনেক ভালো লাগে, তাই আজকে দেখতে আসলাম।” রাহাত লেখেন, “শেষের দৃশ্যটা দেখে চোখে জল চলে আসল।” সবুজ লেখেন, “প্রিয় ২জন অভিনেতা ও অভিনেত্রী।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
